বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চমেক হাসপাতালে ৮৮৭ টি শয্যা বৃদ্ধি

প্রকাশ: ১৬ জুন ২০২২ | ৩:০৭ অপরাহ্ণ আপডেট: ১৬ জুন ২০২২ | ৩:০৭ অপরাহ্ণ
চমেক হাসপাতালে ৮৮৭ টি শয্যা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৮৮৭ টি শয্যা বাড়ানো হয়েছে।ফলে ১৩১৩ শয্যা থেকে হাসপাতালটি ২২০০ শয্যায় রুপান্তরিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ২৫ মে হাসপাতাল ২২০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অনুমোদন দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১৩১৩ শয্যা হতে ২২০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। তবে শর্ত থাকে যে, এ সংক্রান্ত সকল বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন অবশ্যই পালন করতে হবে।

জানা যায়, গেল কয়েক বছর ধরে হাসপাতালের শয্যা বাড়ানোর জন্য বেশ কয়েকবার চিঠি চালাচালি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরমধ্যে বেশ কয়েকবার আলোচনাও হয়। প্রথম দিকে ৫০০, ৮০০, ১ হাজার শয্যা বাড়ানোর মতো আলোচনা হলেও শেষ পর্যন্ত শয্যা বাড়ানো হয় ৮৮৭টি। তবে এক সঙ্গে এত সংখ্যক শয্যা বাড়ায় সন্তোষ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে শয্যা সংখ্যা বৃদ্ধির অনুমোদনের প্রেক্ষিতে হাসপাতালের জনবল, যন্ত্রপাতি, রোগীর খাবার, ওষুধ এবং বরাদ্দসহ অবকাঠামোও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ১৩১৩ শয্যা হতে ২২শ’ শয্যায় উন্নীতকরণ ও সেবা চালু করণে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, হাসপাতালে ৮৮৭ টি শয্যা বৃদ্ধির অনুমোদন পেয়েছি। ফলে ১৩১৩ শয্যার হাসপাতালটি ২২শ’ শয্যায় রুপান্তরিত হচ্ছে।এই বিষয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares