বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

প্রকাশ: ৮ মার্চ ২০২২ | ১:২৬ অপরাহ্ণ আপডেট: ৮ মার্চ ২০২২ | ১:২৭ অপরাহ্ণ
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক ডয়চে ভেলে একাডেমির যৌথ আয়োজনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটরিয়ামে “IDEATHON: Constructive Journalism in Bangladesh” শীর্ষক কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা থেকে কর্মশালার মূল অংশগ্রহণকারীদের নিয়ে সংরক্ষিত একটি সেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সেশনে বিভাগের বিভাগে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশে গঠনমূলক সাংবাদিকতা চর্চা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার প্রয়াসে অনুষ্ঠিত হচ্ছে এ কর্মশালা। দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী, তিনটি মূলধারার মিডিয়া আউটলেটের সাংবাদিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সিএজে এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ, চট্টগ্রামের স্থানীয় পর্যায়ের সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক সিএজে-সিইউ-এর কমিউনিটি রেডিও অনুশীলনকারী, উন্নয়ন পেশাজীবী এবং নিউজরুম ম্যানেজারদের প্রায় ৩৫ জনের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে৷

উদ্বোধনী পর্বে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক সভাপতিত্ব করেন। বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক ও সাম্প্রতিক সময়ে একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ডয়েচে ভেলের বাংলাদেশ, ইন্ডিয়া আফগানিস্তান এর প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন দুইদিনব্যাপী কর্মশালাটির আহ্বায়ক প্রফেসর ড. সহিদ উল্যাহ। একুশে পদকপ্রাপ্ত হওয়ায় এম এ মালেককে শুভেচ্ছা জানিয়ে লিখিত পত্র পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আজাদীর সম্পাদক এম এ মালেককে ফুল দিয়ে বরণ করে নেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা রাজীব নন্দী৷

বিশেষ অতিথির বক্তব্যে আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, আমাদেরকে বড় হতে হবে। কিন্তু বড় হয়ে আমাদের নিষ্কলুষ চরিত্র বিসর্জন দেওয়া যাবে না৷ আর কোনো আইডিয়া মাথায় আসলে সেটাকে ছড়িয়ে দিতে হবে। সেটা যদি আপনি মাথার মধ্যে রেখে দেন, তাহলে সেই আইডিয়া দিয়ে কেউ উপকৃত হবে না৷

তিনি বলেন, মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এটা না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। একটা সিংহ জন্ম হওয়ার পর থেকেই খাবার খুঁজে, তার জন্মের পর থেকেই তার স্বভাবমূলক আচরণ নিয়েই জন্ম নেয়। অপরদিকে একজ মানবশিশুকে তা আয়ত্ব করে নিতে হয়।

একুশে পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, একুশে পদক পেয়ে সবচে বড় প্রাপ্তি হচ্ছে বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা আমার কফিনে স্থান পাবে। কভিড হওয়া একটি ভাগ্যের ব্যাপার কারণ না হয় আমি জানতে পারতাম না এটি কতো ভয়ংকর। আমি নিজেও কভিডে আক্রান্ত হয়ে ১১দিন হাসপাতালে থেকেছি। তাই সকলকে স্বাস্থ্য সচেতন হওয়া দরকার মনে করি।

শিক্ষার সম্পর্কে বিশদ আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা এমন একটি অস্ত্র যা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। তিনজন ব্যক্তি আমাদের সবচেয়ে ভালো চায়, তারা হলেন মা, বাবা এবং শিক্ষক। কারণ, তারা আপনার থেকে কিছু চায় না। বক্তব্য শেষে তিনি দৈনিক আজাদীর একটি উদ্বোধনী স্মারক কপি উপহার দেন অতিথিদের।

ডয়েচে ভেলের বাংলাদেশ, ইন্ডিয়া আফগানিস্তান এর প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন বলেন, করোনাতে আমরা খেয়াল করেছি নেগেটিভ নিউজ কিভাবে আমাদের জনমনকে বিষিয়ে তুলছে। তাই আমরা ভাবলাম এখনই উপযুক্ত সময় কন্সট্রাকটিভ জার্নালিজম চর্চা করার। কারণ এটি একটি নতুন বিষয় যা এখনো অনেকের কাছে অপরিচিত। আমরা আশা রাখি এই চর্চা, জনসাধারণকে সংবাদ বিতৃষ্ণা থেকে ফিরিয়ে আনবে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা আসছেন, আশা করি নতুন নতুন আইডিয়াগুলো উঠে আসবে। চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাথে এ সম্পর্ক আরো দীর্ঘ হবে আশা রাখি৷

চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, গঠনমূলক সাংবাদিকতা একটি নতুন টার্ম। এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা অনেক কিছু শিখতে পারবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন৷

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ শহীদুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী পর্ব। এরপর মূল অংশগ্রহণকারীদের নিয়ে সমাজবিজ্ঞান অনুষদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষে কর্মশালা চলমান রয়েছে৷ আগামীকাল সকাল নয়টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে কর্মশালা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares