চবি প্রতিনিধি:
শুরু হয়নি এখনো সমাবর্তন অনুষ্ঠান। বাকি আরো ১ দিন।এর আগেই প্রিয় আঙ্গিনায় উপস্থিত হাজারো গ্র্যাজুয়েট। দীর্ঘদিন পর বন্ধুদের দেখা পেয়ে উচ্ছ্বসিত তারা।
কেউ সেলফি তুলছেন। কেউ ব্যস্ত আড্ডায়।
কারও গল্পের সঙ্গী বন্ধু-বান্ধব, পিতা-মাতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হচ্ছে।
সোমবার (১২ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাস্পাস মুখরিত হয়ে ওঠে গ্রাজুয়েটদের পদচারণায়। মাথায় কালো টুপি, গায়ে গাউন। দল বেঁধে ছোটাছুটি করছেন প্রিয় আঙ্গিনাজুড়ে।
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, , শহীদ মিনার,কেন্দ্রীয় লাইব্রেরী, ক্যাম্পাসের আকর্ষণীয় স্থানগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। ক্যাম্পাসের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন গ্রাজুয়েটরা। বিশ্ববিদ্যালয় জীবন পার করে কেউ চাকরিতে প্রবেশ করেছেন আবার কেউবা এখনও বেকারত্ব ঘুচানোর চেষ্টায় আছেন। তবে সমাবর্তনের অনুষ্ঠানে চাকরি বা বেকারত্ব কোন কিছুরই যেন ছাপ নেই। সবাই মেতেছেন আনন্দ উল্লাসে।
কানিজ ফাতেমা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার আইন অনুষদের শিক্ষার্থী। কলেজের লেকচারার হিসেবে চাকরি করছেন তিনি। এরমধ্যে বিয়েও করেছেন। ফুটফুটে কন্যা সন্তান নিয়ে এসেছেন সমাবর্তনে। অনুষ্ঠানে এসেছেন স্বামী। তিনি বলেন, এটি এক অন্যরকম মুহূর্ত। আমি মেয়েকে নিয়ে এসেছি, মেয়ের বাবা এসেছে, আমার বাবা-মা এসেছেন।
ইয়াসিন আরাফাত নামের এক গ্র্যাজুয়েট বলেন, অনেক আগেই বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়েছি। আমরা সবাই বিভিন্ন স্থানে কর্মরত। সমাবর্তন উপলক্ষে ক্যাস্পাসে এসেছি, সবার সাথে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনের সময়গুলো অনেক সুন্দর ছিলো। অনেক মিস করি।
এ সমাবর্তনে অংশ নিতে আবেদন করেছেন ৯টি অনুষদের ২২ হাজার ৫৬০ শিক্ষার্থী। বলা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হচ্ছে সবচেয়ে বড় সমাবর্তন। এতে উপস্থিত থাকবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনের সভাপতিত্ব করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নানা জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর এ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি চবিতে অনুষ্ঠিত হয় সমাবর্তন। যেটি ছিল বিশ্ববিদ্যালয়টির চতুর্থ সমাবর্তন। দীর্ঘ ৯ বছর পর সমাবর্তনের আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
রহা
