বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবির নিরাপত্তা কর্মীর লাশ পড়েছিল বাঁশঝাড়ে

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩ | ১১:০৪ অপরাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২৩ | ১১:১০ অপরাহ্ণ
চবির নিরাপত্তা কর্মীর লাশ পড়েছিল বাঁশঝাড়ে

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের বাঁশঝাড় থেকে সাবেক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩টা নাগাদ ইঞ্জিনিয়ারিং অনুষদের পিছনের বাঁশঝাড়ে লাশ পড়ে থাকতে দেখেন ঝাড়ুদার জগদীশ রুদ্র। পরে পুলিশকে খবর দিলে বিকাল ৫টা নাগাদ লাশটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশ সাবেক নিরাপত্তা কর্মী মৃত মনির আহমেদ(৭৫) এর। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনের কলোনিতে তার পরিবার নিয়ে বসবাস করতেন।

জানা যায়, তিনি প্রায় সময় বাঁশ কাটতে ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের বাঁশঝাড়ে যাওয়া আসা করতেন এবং লাকড়ি সংগ্রহ করতেন।

নিহতের ছেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রহরী মো. তারেক মিয়া বলেন, গতকাল আসরের নামাজ পড়ে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে যায়নি। এখন বাবার লাশ পাওয়া গেছে। ঝাড়ুদার জগদীশ বাসায় জানায় আমি সাথে সাথে এসে বাবার লাশ দেখতে পাই।

চবির প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার জানান, পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। কীভাবে মৃত্যু হয়েছে তা আমাদের জানা নেই। জঙ্গলের ভিতরে মৃত্যু হয়েছে। এজন্য একটি অপমৃত্যুর মামলা হবে। তবে, লাশ ময়নাতদন্ত হবে কি না সে বিষয়ে ওসি সিদ্ধান্ত নিবেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে, বাঁশঝাড়ে মৃত্যু হওয়ায় এটা স্পষ্ট না। তাই, ছেলে বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করতে হবে। তারপর ময়নাতদন্তের মাধ্যমে সঠিক কারণ উদঘাটন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares