নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের দপ্তর ভাঙচুর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও আটকে দেন। নিজেদের পছন্দের প্রার্থীকে শিক্ষক নিয়োগে সুপারিশ না করায় তারা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৫৪১ তম সিন্ডিকেটের সভা শেষেই এই ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, আজ সিন্ডিকেটের ৫৪১ তম সভা ছিল। সভায় বিভিন্ন বিভাগে শিক্ষক ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সাড়ে ৪টার দিকে সভা শেষ হলে ছাত্রলীগের একাকার গ্রুপে নেতা কর্মীরা ভিসির দপ্তরের যায়। সেখানে গিয়ে জানতে পারে ছাত্রলীগের এক পছন্দের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদকে শিক্ষক নিয়োগে সিন্ডিকেট সুপারিশ করেনি। এরপরই ভিসির দপ্তরের কাপ পিরিচ ও ফুলদানি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকিয়ে দেয় তারা।
তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপাচার্যের দপ্তরে হামলার চেষ্টা করেছিল মাত্র। পরে আমরা তাদের সরিয়ে নিয়ে এসেছি।আর এই বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।
