চবি প্রতিনিধি
আজ (১২ই জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের হলরুমে “শহিদ মামুন হোসাইন স্মৃতি সংসদ” — এর উদ্যোগে শহিদ মামুন হোসাইনের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর সাবেক সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ ইবরাহীম, উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক রবিউল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন শাহ আমানত হল সংসদের নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির, শাহ আমানত হলের সভাপতি মোঃ সৈকত হোসেন এবং সঞ্চালনা করেন হল সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
অনুষ্ঠানের শুরুর দিকে শহিদ মামুন হোসাইন নিয়ে নির্মিত একটা ডকুমেন্টারী প্রদর্শন করা হয়, এরপরে প্রধান মেহমান আলোচনা রাখেন।
প্রধান মেহমানের আলোচনায় শুরুতে শহিদ মামুন হোসাইনের স্মৃতিচারণ করেন চবির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ছাত্রনেতা মোঃ ইবরাহীম। পরবর্তীতে তিনি বলেন, ‘ আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার প্রথম পাচ বছরে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে নিজেদের ক্ষেত্র তৈরি করে। পরবর্তীতে ২০১৪ সালের ৫ই জানুয়ারি সাজানো নির্বাচনে তারা দ্বিতীয় বারের মতো ক্ষমতায় যাওয়ার পর ছাত্রলীগ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ক্যাম্পাসগুলোতে বেপরোয়া আক্রমণ চালায়, হল প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করে।’
আগামী জাতীয় নির্বাচনের পরেও সহিংসতার ঝুঁকি থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “এদেশের সামনে দুইটি পথ— প্রথমটি আগের সিস্টেমে ফিরে যাওয়া, যার সাময়িক ক্ষতি কম হলেও দীর্ঘমেয়াদে ফ্যাসিস্ট সংস্কৃতি তৈরি হবে। দ্বিতীয়টি হলো জুলাই বিপ্লবকে সম্পূর্ণ বিপ্লবে রূপ দেওয়া— যেখানে ওসমান বিন হাদীর মতো শহিদ আরও হতে পারে, তবে তাতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”
আলোচনা শেষে দোয়া পর্ব পরিচালনা করেন ছাত্রশিবির, শাহ আমানত হলের সভাপতি ছাত্রনেতা মোঃ সৈকত হোসেন।
এসএস
