বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

দ্বিমুখী লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে চন্দনাইশ উপজেলা নির্বাচন

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ৩:১৬ পূর্বাহ্ণ আপডেট: ২৬ মে ২০২৪ | ৩:২৩ পূর্বাহ্ণ
দ্বিমুখী লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে চন্দনাইশ উপজেলা নির্বাচন

আমিনুল ইসলাম খন্দকার :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীক না থাকায় জমে উঠেছে চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচন। এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। নির্বাচন ঘিরে চন্দনাইশে প্রার্থীরা পরস্পর মুখোমুখি অবস্থানে।

উপজেলা চেয়ারম্যান পদে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী খোকন, জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, উপজেলার জোয়ারা ইউপির সাবেক চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী আহমদ হোসেন ফকিরসহ ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মাঝে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম চৌধুরী খোকন। বৃহস্পতিবার (২৩ মে) ফেসবুকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ভোটগ্রহণের ৫ দিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আরিফুল। যদিও নির্বাচনের জন্য তিনি মাইকিং, পোস্টারিংসহ উঠান বৈঠকও করেছেন।

বর্তমানে তিনজন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন আহমেদের সাথে। এই দুই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা রাতদিন সমান তালে নির্বাচনী প্রচার–প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি উত্তাপও বাড়ছে এ দুই প্রার্থীকে ঘিরেই।

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার ১০০ সমর্থককে হত্যার হুমকি দেওয়া চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘোড়া প্রতীক নিয়ে চন্দনাইশে নির্বাচনের মাঠ সরগরম রেখেছেন তিনি।

এদিকে নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের অপরাধে জসিম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে চন্দনাইশ নাগরিক ফোরাম। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ৬০ কোটি ও সোনালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ১১ কোটি ৬৩ লাখ টাকা ঋণ নেওয়ার কথা উল্লেখ করলেও খেলাপির ঘরে তিনি লিখেছেন প্রযোজ্য নহে। তবে চট্টগ্রাম অর্থঋণ আদালত পদ্মা ব্যাংকের ঋণখেলাপির একটি মামলায় জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ ও তাঁর স্ত্রী তানজিনা সুলতানা জুহিকে গত ৩০ এপ্রিল পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মো. মুজাহিদুর রহমান। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু হয়েছে। নির্বাচন কমিশন বলছে, কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় ঋণখেলাপির তথ্য না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়নি। গত ৫ মে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়।
মোটরসাইকেল প্রতীক নিয়ে জসিম উদ্দীন এখন নির্বাচনী মাঠে।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া গেছে তাতে, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বর্তমানে আদালত ৪ টি মামলা বিচারাধীন রয়েছে। পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। কৃষি খাত থেকে আয় করেন ৬ হাজর ৭০০ টাকা। উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন জেলা পরিষদের সদস্য পদ থেকে। জেলা পরিষদের সদস্য হিসেবে সম্মানী ভাতা বাবদ আয় করেন ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। অন্যান্য আয় রয়েছে ২ লাখ টাকা। তবে হাতে কোন নগদ টাকা নেই এই প্রার্থীর। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২ লাখ ২৫ হাজার ২০০ টাকা। ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি পুরাতন মাইক্রো গাড়ী রয়েছে তার। স্বর্ণ রয়েছে ২৫ তোলা, যার মূল্য দেখানো হয়েছে ৩০ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ১০ হাজার টাকার। আসবাবপত্র রয়েছে ১০ হাজার টাকার। কৃষি জমির পরিমাণ উল্লেখ নেই, তবে ৩ টি আলাদা আলাদা মূল্য দেখিয়ে বলা হয়েছে ৫০ লাখ ৬২ হাজার টাকা। অকৃষি জমির পরিমাণ ৭ লাখ ২ হাজার টাকা। এছাড়া অন্যান্য ব্যবসার মূলধন রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে আরিফুর ইসলাম চৌধুরী তার নির্বাচনী হলফনামায় নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত বলে উল্লেখ করেন। পেশায় ব্যবসায়ী বাড়ী ও দোকান ভাড়া বাবদ আয় করেন ২ লাখ ৭০ হাজার টাকা। ব্যবসা থেকে আয় করেন ৩ লাখ ৩০ হাজার টাকা। নগদ টাকা রয়েছে ১০ হাজার টাকা। স্ত্রীর নিকট স্বর্ণ রয়েছে ৯ লাখ টাকার। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার। আসবাবপত্র রয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকার। ব্যবসায়িক মুলধনসহ অন্যান্য আয় রয়েছে ৫৬ লাখ টাকা ও স্ত্রীর রয়েছে ২৯ লাখ ৬০ হাজার টাকা।
অকৃষি জমি রয়েছে ৩ গন্ডা ৩ কড়া যার মূল্য ১৯ লাখ টাকা। ১০৮০ বর্গফুটের ১ টি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা।

জসিম উদ্দীন আহমেদ হলফনামায় নিজেকে স্ব-শিক্ষিত উল্লেখ করেন। তার বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। চট্টগ্রামে জেসিকা ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান ও কক্সবাজারের কলাতলীতে অবস্থিত হোটেল আইবিআইএস লিমিটেড এর মালিক তিনি। পেশায় ব্যবসায়ী উল্লেখ করলেও ব্যবসা থেকে তিনি কোন আয় করেন না, তবে তার স্ত্রী ব্যবসা থেকে আয় করেন ৫ লাখ টাকা। তবে বাড়ি ও দোকান ভাড়া বাবদ আয় করেন ১ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৫৮৩ টাকা। এছাড়া অন্যান্য বৈদেশিক আয় রয়েছে ৬৩ লাখ ৯ হাজার ৫৯২ টাকা, স্ত্রীর রয়েছে ৫ লাখ ৬৫ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা রয়েছে ২ লাখ ২৪ হাজার ৭৯১ টাকা, স্ত্রীর নিকট রয়েছে ৪ হাজার ৫০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২৭ লাখ ৫৭৬ টাকা ও স্ত্রীর নামে রয়েছে ১৩ লাখ ৭০ হাজার টাকা। নিজ নামে ৩৬ লাখ ১০ হাজার টাকার গাড়ি ও স্ত্রীর নামে ৪০ লাখ টাকার গাড়ি রয়েছে। স্বর্ণ আছে ৪ লাখ ৫০ হাজার টাকার। স্ত্রীর আছে ২ লাখ ৫০ হাজার টাকার। নিজের আসবাবপত্র আছে ৫০ হাজার টাকার। স্ত্রীর আছে ৩ লাখ টাকার। স্ত্রীর ইলেকট্রনিক সামগ্রী আছে ২ লাখ টাকার। ব্যবসায়ী শেয়ার নিজের আছে ১৫ লাখ টাকার, স্ত্রীর আছে ১০ লাখ ৯১ হাজার ৪৩০ টাকার। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি আছে নিজের ১৬ শতক। অকৃষিজমির রয়েছে ২০ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ২শ টাকা। স্ত্রীর নামে দালান আছে ২ কোটি ১০ লাখ ৮৮ হাজার ২৫০ টাকার। জসিমের পদ্মা ব্যাংকে ৬০ কোটি, সোনালী ব্যাংকে ১১ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮২২ টাকার ঋণ রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী আমেরিকা প্রবাসী জোয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন ফকির নির্বাচন করছেন আনারস প্রতীক নিয়ে। আহম্মেদ হোসেনে হলফনামায় নিজেকে স্ব-শিক্ষিত উল্লেখ করেন।তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে আয় ৪ লাখ টাকা। ব্যবসার মূলধন থেকে আয় ২০ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ২ লাখ ৫০ হাজার টাকা। ১ লাখ ৫০ হাজার টাকার প্রাইজ বন্ড রয়েছে। স্বর্ণ আছে ১৫ ভরি। ইলেকট্রনিক সামগ্রী আছে ৮০ হাজার টাকার। আসবাবপত্র রয়েছে ২ লাখ টাকার। স্থাবর সম্পত্তির মধ্যে পৈতৃক সূত্রে অকৃষিজমি ও দালান রয়েছে। তবে তা ভাগ-বাটোয়ারা হয়নি বলে উল্লেখ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলায় মোট ৬৮ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares