সাম্পান ডেস্ক :-
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার টিকিট পেলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
শনিবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, চট্টগ্রাম -৮ আসনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আগামী ২৭ এপ্রিল
(বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচন হবে। গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও এই আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এমপি মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এদিকে, নৌকার মনোনয়ন নিয়ে আসনটিতে সংসদ সদস্য পদে লড়তে চেযেছেন অনেকে । তফসিল ঘোষণার পর জেলা, উপজেলা ও মহানগর আওয়ামী লীগের অনেক নেতা দলের শীর্ষ নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছিলেন।
এ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে ছিলেন – প্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্ত্রী শিরিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম চেম্বার পরিচালক এস এম আবু তৈয়বসহ আরও অনেকেই।
এদিকে, গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। আর ভোট গ্রহণ ২৭ এপ্রিল। ভোট হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ১৯৭৩ সালে অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রয়াত নেতা এম কফিল উদ্দিন। ২০০৮ সালে আবারও নৌকা প্রতীকে মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মইন উদ্দীন খান বাদল সংসদ সদস্য হন। এরপর ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মাঝের ছয়টি নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী এ আসনে প্রতিনিধিত্ব করেন।
২০১৯ সালের ৭ নভেম্বর মইন উদ্দিন খান বাদল ভারতের বেঙ্গালুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
