নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর টাইগারপাস এলাকায় আয়োজিত এ গণমিছিলে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণমিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি চট্টগ্রাম-১০ আসনের জনগণ আর মেনে নেবে না। তিনি বলেন, আগামী ১২ তারিখ ব্যালেটের মাধ্যমে জনগণ এসব অপশক্তিকে প্রত্যাখ্যান করবে।
অধ্যক্ষ হেলালী আরও বলেন, জামায়াতে ইসলামী শান্তি, ন্যায়বিচার ও সৎ নেতৃত্বের রাজনীতি করে। আমীরে জামায়াতের আগমন এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির নুরুল আলম, শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী ও ছাত্রনেতা বাহা উদ্দিনসহ স্থানীয় নেতারা।
গণমিছিলটি টাইগারপাস থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমবাগান এলাকায় গিয়ে শেষ হয়।
রহা
