বিশেষ প্রতিনিধি
নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের অনুষ্ঠিত হচ্ছে।বিএনপি নয়াপল্টন চাইলেও প্রশাসন গোলাপবাগ মাঠে অনুমতি দিয়েছে।আগামীকাল সকাল ১০ টায় এই সমাবেশ শুরু হবে।সমাবেশের মাঠ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকেই কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।যাওয়ার পথে দক্ষিণ জেলার ৩ নেতাকর্মী আটক হওয়ার খবর পাওয়া গেছে।

সমাবেশে যোগ দেয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সাম্পান নিউজকে বলেন, ‘আমরা গতকাল তূর্ণা নিশিতা ট্রেনে ঢাকায় এসেছিলাম। ঢাকার যাওয়ার জন্য সংগঠন থেকে সেভাবে নির্দেশনা ছিলো না।তবু চলে এসেছি।আমরা যে ট্রেনে এসেছি সেটার প্রায় ৯০ পার্সেন্ট যাত্রী বলতে গেলে ঢাকায় এসেছিলো বিএনপির সমাবেশে যোগ দিতে। আমি যতটুকু জানি, শুধুমাত্র চট্টগ্রাম মহানগর থেকেই ১০ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের ৩ টি ইউনিট থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন সমাবেশে যোগ দিতে। এরমধ্যে চট্টগ্রাম মহানগর শাখা ৫ হাজারের বেশি নেতাকর্মী গেছেন।তাদের অধিকাংশই নিজেদের মতো করে সেখানে গেছেন।অনেকে কয়েকদিন আগেই সেখানে গিয়ে অবস্থান করছেন।
ডা. শাহাদাত বলেন, সরকার মুলত জনসমাগম ঠেকানোর জন্য এতো নাটক করেছে।বাধ্য হয়ে শেষ পর্যায়ে এসে অনুমতি দিয়েছে।তবে ধরপাকড় অব্যাহত রেখেছে।এরমধ্যে সমাবেশে যাওয়ার সময় আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার ৩ নেতাকর্মীকে আটক করেছে।
নেতাকর্মীদের ঢাকায় কয়েকদিন থাকার কোন মেসেজ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,’ না, এরকম কোন কিছু হবে না।এটা একটা শান্তিপূর্ণ সমাবেশ।প্রোগ্রাম শেষেই আশা করি নেতাকর্মীরা ঘরে ফিরে আসবে।’
