নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।এই ঘটনায় নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।মামলার আসামীদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।এরমধ্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করকে গ্রেফতার করতে রাতের বেলা তাদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার ও আজ মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার পুলিশ চট্টগ্রাম বিএনপির এই তিন শীর্ষ নেতাকে আটক করতে তাদের বাসায় অভিযান চালায়।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের এনায়েত বাজার এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বক্কর।এরপর রাত ১২টার দিকে আহবায়ক ডা. শাহাদাত হোসেনের নগরীর ওয়ার সিমেট্রি এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ। তবে শাহাদাত এসময় বাসায় ছিলেন না।এসময় পুলিশ পরিবারের সদস্যদের হয়রানি করেছেন বলে অভিযোগ করেন ডা. শাহাদাত।
এই বিষয়ে ড. শাহাদাত হোসেন বলেন, ‘ পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাসায় এসে হয়রানি করেছে।আর আমার বাসায় মহিলা ছিল। অথচ অভিযানের সময় কোনো নারী পুলিশ ছিল না। এটা পুলিশের সম্পূর্ণ বেআইনী কাজ।’
এদিকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে গ্রেপ্তার করতে তার মাদারবাড়িস্থ বাসভবনে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তবে তল্লাশির সময়ে শামীম বাসায় ছিলেন না। বাসায় তাঁর দুই কন্যা ও স্ত্রী ছিলেন।গভীর রাতে মাহবুবের রহমান শামীমের বাসায় পুলিশের অভিযানের নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আইনের কোন ধরনের তোয়াক্কা না করে গভীর রাতে বিএনপির জাতীয় পর্যায়ের একজন নেতার বাসায় পুলিশের বেআইনি তৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশের এমন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির সাম্পাম নিউজকে বলেন,’ কাজীর দেউড়িতে সহিংসতার ঘটনায় ৪ টি মামলা দায়ের করা হয়েছিল।এই ৪ টি মামলায় ৬-৭ শত ব্যক্তিকে আসামী করা হয়েছে।আর এপর্যন্ত ৩০ জনকে আটক করেছি।বাকি আসামীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। তবে মিছিল নিয়ে সমাবেশে যেতে বাধা দিলে কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। এতে পুলিশসহ ২০-২৫ জন আহত হয় ।এই ঘটনায় মোট ৪ টি মামলায় অর্ধ সহস্রাধিক আসামী করা হয়েছে।
