সাম্পান ডেস্ক
বাজারে তেলের সংকটের মধ্যেই চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ৪৭ হাজার ৪৪ মেট্রিকটন ভোজ্য তেল। ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা থেকে এসব তেল নিয়ে এসেছেন দেশের সাত আমদানিকারক।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা পর ২৯ এপ্রিল থেকে চট্টগ্রাম বন্দরে ৪টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ওরিয়েন্ট চ্যালেঞ্জ এবং এন এস স্টেলা নামের দুটি জাহাজে আর্জেন্টিনা থেকে ২৮ হাজার মেট্রিকটন অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে।
মেঘনা প্রাইড এবং এম/টি সানজিন নামের বাকি জাহাজ দুটি ইন্দোনেশিয়া থেকে ১৯ হাজার মেট্টিকটন অপরিশোধিত পাম তেল নিয়ে এসেছে। এছাড়া আরো কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার পথে রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
তেল আমদানি করা প্রতিষ্ঠানগুলো হল এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, সেনা কল্যাণ, বসুন্ধরা, বাংলাদেশ এডিবল অয়েল, সুপার অয়েল ও মেঘনা গ্রুপ।
