সাম্পান ডেস্ক
চট্টগ্রাম বন্দরে ঘটেছে চুরির ঘটনা। এ ঘটনায় সোমবার একজনকে আটক করে নিরাপত্তারক্ষীরা। এ নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছে তারা।
গত ২১ ও ২২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন ইউএস কোস্টগার্ড আইএসপিএসের পাঁচ সদস্যের একটি দল। বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছিল তারা। কিন্তু সপ্তাহ না যেতেই বন্দর থেকে পণ্য চুরির একটি ভিডিও ভাইরাল হয়।
নিরাপত্তা চোখ ফাঁকি দিয়ে চুরির এ ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। নিরাপত্তা স্থাপনা ব্যবহার করে চুরি হওয়ায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, বন্দরের নিরাপত্তা নিয়ে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। তবে এভাবে জাহাজ থেকে পণ্য নিচে ফেলে দেওয়া হচ্ছে আর নিচ থেকে কুড়িয়ে নেওয়া হচ্ছে, এ ভিডিও দেখে বন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমরা সবাই।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (নিরাপত্তা) মেজর মো. আনিস-উজ-জামান বলেন, চট্টগ্রাম বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে চুরির ঘটনা উদ্বেগজনক। অতিরিক্ত জনবলের মাধ্যমে নিরাপত্তা জোরদারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
