বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে আমরণ অনশনে শিক্ষার্থীরা, হাসিনার ফাঁসি ও লীগ নিষিদ্ধের দাবি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ৭:২৯ অপরাহ্ণ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ৭:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামে আমরণ অনশনে শিক্ষার্থীরা, হাসিনার ফাঁসি ও লীগ নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক 

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দাবিতে চট্টগ্রাম নগরে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সড়কে অনশনে বসেন বৈষম্যবিরোধীরা। এতে একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এর আগে তারা সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।সন্ধ্যা ৭ টায় এই প্রতিবেদন লেখার সময়েও অনশন আছেন তারা।

জানা যায়, আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এর প্রেক্ষিতেই তারা আবারও রাজপথে নেমেছে।একপর্যায়ে তারা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে আমরণ অনশনে বসেন।

সরেজমিনে জানা যায়, সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ শুরু করেন।সেখানে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে তারা প্রেসক্লাবের সামনের সড়কেই বসে পড়েন।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares