বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহের চেষ্টা

প্রকাশ: ৯ আগস্ট ২০২৪ | ১১:৪৯ অপরাহ্ণ আপডেট: ৯ আগস্ট ২০২৪ | ১১:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহের চেষ্টা

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ করতে চেয়েছিলেন কিছু কয়েদি। কারাগারের বাইরে থেকেও একদল দুর্বৃত্ত প্রধান ফটক ভাঙার চেষ্টা চালায়। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে কারারক্ষীরা। পরে সেনা সদস্যরাও আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর দুটার পরপরই এ সংঘর্ষ শুরু
হয়।এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয়রা জানান,জুমার নামাজ শেষে কিছুক্ষণ পরপরই হঠাৎ শোনা যায় গুলির শব্দ। এরপর তা বাড়তে থাকে। শোনা গেছে হৈ-হুল্লোড়ের শব্দও। পুরো এলাকার পরিস্থিতি থমথমে।

নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাইরে থেকে কিছু লোক জড়ো হয়ে কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা চালায়। এরপরপরই ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ শুরু করে এবং কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ায়।

কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন কারাগার থেকে অনেক আসামি ছাড়া পাচ্ছেন তাই চট্টগ্রাম কারাগারের বন্দিদেরও মুক্তি কেন দেওয়া হচ্ছে না—এজন্যই তারা বিদ্রোহ করেছেন।

একজন কারারক্ষী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সব বন্দি নিরাপদ আছেন। বন্দিদের মধ্যে ২৫ জনের মতো জঙ্গী, মহিলাসহ দেড়শ জনের মতো কুকি-চিন সদস্য এবং শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে।

বন্দিরা বিদ্রোহ করার কারণ কী—জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্ররা অনেকেই জামিনে বের হয়েছেন। সেই সুযোগে তারাও বিদ্রোহ করে বের হওয়ার চেষ্টা করেছিলেন। সেটিকেই আমরা প্রতিহত করেছি এবং সেনাসদস্যরা এসে তাদেরকে শান্ত করেছেন। এখন সবাই শান্ত এবং লকাপে আছে। কেউ আহত হয়ে থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

চট্টগ্রাম কারাগারের জেল সুপার মনজুর হোসেন বলেন, কারাগার থেকে কোনো কয়েদি পলায়নের ঘটনা ঘটেনি। কারাগারের ভেতরে বন্দিরা বিশৃঙ্খলা করে পালিয়ে যেতে চাইলে কারারক্ষীরা তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন কারারক্ষী আহত নেই বলেও জানান তিনি।

তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত দুইজনকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তারা কারাগারের কেউ কিনা কিংবা বন্দি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

জালাল রুমি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares