সাম্পান ডেস্ক
চট্টগ্রাম আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি শামসুল হক ওরফে বাচ্চুকে (৭১) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাস-স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
শামসুলের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম মৃত রহমত আলী। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানা মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের পর আসামি বাচ্চু চট্টগ্রাম আদালত থেকে কৌশলে পালিয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় পৃথক মামলা দায়ের হবে। একই সঙ্গে আদালত থেকে পালানোর অভিযোগে নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
