সাম্পান ডেস্ক
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তকে গুলি করে হত্যার ঘটনায় বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে।এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ করেন নিহত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত’র বাবা জাকির হোসেন । নিহত শান্ত ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ছিলেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।তালিকায় রয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, অপসারিত চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু। এছাড়া ১৬ জুলাইয়ের সেই হত্যকান্ডে নেতৃত্ব দেয়া বহিষ্কৃত যুবলীগ নেতা হেলাল আকবর বাবর, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও ওমরগণি এমইএস কলেজের জিএস আরশেদুল আলম বাচ্চুকেও এই মানবতাবিরোধী অপরাধীর তালিকায় রাখা হয়েছে।
জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৮ ধারানুসারে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
