বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামেও সড়কে নেমেছেন তার সমর্থকরা। হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রজনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার পরে ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে পুলিশি বাঁধায় তারা সেখানে বিক্ষোভ মিছিল করে চলে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাত পৌনে ১১টার দিকে ছাত্র-জনতা পরিচয়ে বেশকিছু ছাত্র জনতা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন তারা। পরে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে যান।

প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

অবস্থানকারীদের একজন আব্দুল হান্নান বলেন, আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে।

খুলশী থানার ওসি শাহিন আলম বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কিছু তরুণ। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আরও লোকজন আসছে বলে খবর পাওয়া গেছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন।

প্রসঙ্গত, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares