বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে ছাত্রজনতার উপর হামলাকারী যুবলীগ ক্যাডার সাদ্দাম গ্রেফতার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে ছাত্রজনতার উপর হামলাকারী যুবলীগ ক্যাডার সাদ্দাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম নগরে ছাত্রজনতার উপর হামলাকারী যুবলীগ ক্যাডার সাদ্দামকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সাদ্দাম ভোলা জেলার চর ফ্যাশন থানার মৃত আলী আজমের ছেলে। নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় যুবলীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে কার‌্যক্রম চালিয়ে আসছিলো দুর্ধর্ষ এই সন্ত্রাসী।

জানা গেছে, গত ৪ আগষ্ট নিউ মার্কেট এলাকায় ছাত্রজনতার বিক্ষোভ চলাকালে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিউ মার্কেটসহ আশপাশের দশ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় আহত হয় শিক্ষার্থী-জনতাসহ অন্তত আড়াইশজন। যাদের অধিকাংশ ছিলেন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত প্রাপ্ত। ওই দিনের হামলায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় যুবলীগ ‘ক্যাডার’ সাদ্দাম ও তার সঙ্গীরা।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফ-উল আলম জানান, ওই দিন আন্দোলনে অংশ নিয়েছিলেনআন্দোলকারী ইব্রাহিম (১৯)। হামলা শুরুর পর নিউ মার্কেট সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে যুবলীগ ‘ক্যাডার’ সাদ্দামসহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী ইব্রাহিমের উপর হামলা চালায়। এ সময় সাদ্দাম তার হাতে থাকা বাটাম দিয়া ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ইব্রাহিম বাদী ৫ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, সেই মামলার ছায়া তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে গ্রেফতার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্ত আরো একটি মামলার তথ্য পেয়েছে র‌্যাব। তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares