বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে এসএসসিতে সব সূচকেই এগিয়ে মেয়েরা

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ৬:২২ অপরাহ্ণ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ৬:২২ অপরাহ্ণ
চট্টগ্রামে এসএসসিতে সব সূচকেই এগিয়ে মেয়েরা


বিশেষ প্রতিনিধি

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। আর জিপিএ ফাইভ পেয়েছেন ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। আর পাশ, জিপিএ ফাইভসহ সব সূচকেই মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।গত বছর এই হার ছিলো ৮৪ দশমিক ৭৫ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবার চট্টগ্রামে এসএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিলো ৯ হাজার ৮ জন। হিসাব অনুযায়ী গতবারের চেয়ে এবার ৩ হাজার ৭৮৩ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাস ও জিপিএ ফাইভ দুটোতেই ছেলেদের চেয়ে এগিয়ে আছেন মেয়েরা। এবার ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৯৯ শতাংশ।আর ছাত্রদের ক্ষেত্রে এই হার ৯০ দশমিক ১৪ শতাংশ । যদিও ছাত্রদের এই হার গত বছরের চেয়ে ৫ দশমিক ২১ শতাংশ বেশি। আবার মোট ৭ হাজার ৪০৯ জন ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছেন।আর ছাত্রদের ক্ষেত্রে এই সংখ্যা ৫ হাজার ৩৮২ জন।

ফলাফলের দিক দিয়ে চট্টগ্রামের ১০ টি সেরা স্কুলের মধ্যে প্রথমে আছে মেয়েদের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গতবার এই তালিকায় প্রথম ছিলো ছেলেদের কলেজিয়েট স্কুল।খাস্তগীর স্কুলের ৪৭৪ জন শিক্ষার্থীর সবাই পাশ করার পাশাপাশি ৪৫৯ জনই পেয়েছেন জিপিএ-৫।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেরা দশ স্কুলে স্থান হয়নি নগরীর বাইরের কোন স্কুলের। এমনকি সেরা বিশের মধ্যে মাত্র ২টি স্কুল কক্সবাজার জেলার।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করা ১ হাজার ৭৬টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছেন ৫৪টি বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ৫০টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টিই চট্টগ্রাম নগরীর।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিলে গত বছরের মতো এবারও চট্টগ্রামে প্রথম হয়েছে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা। এখানে মোট ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩৮ জন। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৯৮ জন। এরপরের স্থানে আছে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এখানে জিপিএ ফাইভ পেয়েছে ৯১ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমানের ফলাফলের বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ‘এবার শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।তবে ছাত্রীরা একটু বেশি ভালো ফলাফল করেছে।বিষয়টিকে নারী শিক্ষার ক্ষেত্রে চমৎকার সাফল্য বলা চলে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares