বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে অপহরণ মামলায় ৬ পুলিশের বিচার শুরু

প্রকাশ: ৮ মে ২০২২ | ৪:৪৩ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২২ | ৪:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রামে অপহরণ মামলায় ৬ পুলিশের বিচার শুরু

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পূর্ব বৈরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের মামলায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে। এর মধ্যদিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

রোববার (৮ মে) চট্টগ্রাম চতুর্থ জেলা ও দায়রা জজ ফারজানা আকতারের আদালতে আসামিদের বিচার শুরু হয়। বিচারকাজের প্রথমদিন ভুক্তভোগী ও মামলার বাদী আবদুল মান্নান আদালতে সাক্ষ্য দেন।

অভিযুক্ত ছয় পুলিশ সদস্য হলেন, সাময়িক বরখাস্ত কনস্টেবল আবদুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ ও মোর্শেদ বিল্লাহ।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে আনোয়ারা থানাধীন পূর্ব বৈরাগ গ্রামের বাসিন্দা আবদুল মান্নানকে তার ঘর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় কয়েকজন তরুণ। তাদের একজনের পরনে ‘ডিবি’ লেখা জ্যাকেটও ছিল। পরে আবদুল মান্নানকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় নিয়ে গিয়ে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর মান্নান পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করে অপহরণকারীদের দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ সদস্য পরিচয়ে অপহরণ এবং মুক্তিপণ দাবির অভিযোগে ওই বছরের ৭ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আবদুল মান্নান। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশঘটনার সঙ্গে ছয় পুলিশ সদস্যেল সম্পৃক্ততার প্রমাণ পায়। এ পুলিশ সদস্যরা সবাই চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) স্পেশাল আর্ম ফোর্স (এসএএফ) শাখায় কর্মরত ছিলেন।

পরে সিএমপির সহযোগিতায় তাদের গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আদালতে দেওয়া হয় অভিযোগপত্র।

মামলায় রাষ্টপক্ষের আইনজীবী অজয় বোস রিংকু বলেন, আনোয়ারায় ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে আবদুল মান্নানকে তুলে নিয়ে টাকা আদায়ের মামলায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এরইমধ্যে চার্জগঠনের পর সাক্ষ্য শুনানি শুরু হয়েছে। রোববার মামলার বাদী আবদুল মান্নান প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares