বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামের অরক্ষিত নালায় এক দিনের ব্যবধানে পড়লো ২ জন

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৬:৪৬ অপরাহ্ণ
চট্টগ্রামের অরক্ষিত নালায় এক দিনের ব্যবধানে পড়লো ২ জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের অরক্ষিত নালাগুলো দিনদিন যেন মৃত্যুফাঁদ হয়ে উঠছে।এরমধ্যে গত একদিনের ব্যবধানে মোট দুইজন নালায় পড়েছে।এদের একজন শিশু ও আরেকজন বৃদ্ধ।তবে ভাগ্যক্রমে দুইজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেলে পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় নালায় পড়ে যায় এক শিশু।এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, দুই নারী শিশুটিকে নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারীর হাত ধরা অবস্থায় শিশুটি সাফা মারওয়া ইলেকট্রনিক্স নামক দোকানের সামনের ফুটপাতে থাকা গর্তে পড়ে যায়।তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় দুই নারী দ্রুত শিশুটিকে টেনে তুলতে সক্ষম হন।

এদিকে রোববার (২৭ মার্চ) দুপুর ১২টার বহদ্দারহাটে নালায় পড়ে যায় আনুমানিক ৫০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী। খবর শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে জীবিত উদ্ধার করেন।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন জানান, স্বাধীনতা কমপ্লেক্সের সামনের নালায় পড়ে যান মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি। পরে উঠতে ব্যর্থ হলে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন।

উল্লেখ্য,চট্টগ্রাম নগরের অধিকাংশ নালার সংস্কারকাজ করার পর ভালোভাবে স্ল্যাব বসানো হয়নি। ফলে ফুটপাতগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এসব অরক্ষিত নালায় পড়ে নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এরমধ্যে গত এক বছরে এখানে খোলা নালা ও খালে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছালেহ আহমেদ নামের একজনের এখনও খোঁজ মেলেনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares