সাম্পান ডেস্ক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
আজ সোমবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামীকাল মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জানা যায়,এ ছাড়া ঘূর্ণিঝড়কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলোর পাঠদান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। আজ সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। ঘূর্ণিঝড়ের মূল অংশ আজ মধ্যরাতে বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে।
