নিজস্ব প্রতিবেদক
গাউসিয়া কমিটি বাংলাদেশ–এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির ৫ম সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগ্রাবাদ সি অ্যান্ড এফ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহবায়ক মোহাম্মদ মনজুর আলম।
সভায় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. এম. গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), নির্বাহী সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সদস্য মাহমুদ নেওয়াজ, কেবিনেট মেম্বার মোহাম্মদ হোসেন খোকন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াছ।
সভায় চট্টগ্রাম মহানগরে গাউসিয়া কমিটির ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে পুরাতন কমিটিগুলোকে নতুনভাবে সাজিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এগুলো খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়। পাশাপাশি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার উপজেলা ও পৌরসভা পর্যায়ে পুনর্গঠিত কমিটি এবং মহিলা শাখার নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলোও নবায়নের সিদ্ধান্ত হয়। হুজুর কেবলার নির্দেশনা অনুযায়ী এসব কমিটি সরাসরি কেন্দ্রীয় গাউসিয়া কমিটির অনুমোদনক্রমে কার্যকর হবে। ঘোষিত কমিটিগুলোর প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি হুজুর কেবলা সাধারণ নির্দেশনা দেন।
সভায় আরও গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে সকলের মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
এসএস
