বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ,আহত জোনায়েদ সাকি,একাধিক আটক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৪:২০ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৪:২০ অপরাহ্ণ
গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ,আহত জোনায়েদ সাকি,একাধিক আটক

সাম্পান ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করেছে পুলিশ। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এসময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। পুলিশ প্রথম দফা লাঠিচার্জ করে। এতে মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন আহত হন। পরে মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে চড়াও হলে আবার লাঠি চার্জ করে পুলিশ সদস্যরা।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম, কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমাদের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে অনেক মেরেছে পুলিশ। তিনিও আহত, তাকে নিয়ে এখন আমরা হাসপাতালে যাব।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ্ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, “উনারা অনুমতি ছাড়াই এখানে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন। তারপর আমরা তাদের বারবার বলেছি যে তাদের এখানে অনুমতি নেই। কিন্তু তারা আমাদের কথা শোনেননি। উনারা আমাদের কথা দিয়েছিলেন যে সচিবালয়ের সামনে এসে শান্তিপূর্ণ মিছিল করে চলে যাবেন। কিন্তু আমাদের দেওয়া ব্যারিকেড অতিক্রম করে সচিবালায় ঢোকার চেষ্টা করেছেন তারা। আমরা বারবার বোঝানোর চেষ্টা করলেও উনারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছেন।”

এদিকে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকের কথাও জানিয়েছে পুলিশ। ঠিক কতজন আটক হয়েছে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “যারা লাঠি হাতে নিয়ে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করেছে আমরা তাদের মধ্য থেকে দু-একজনকে আটক করেছি। তবে কতজন এখন পর্যন্ত আটক হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন তা জানতে চাইলে তিনি বলেন, “উনারা বলছেন ৫০ জন আহত হয়েছেন। কিন্তু আপনারা ভিডিও দেখলে এটা বিশ্লেষণ করতে পারবেন যে আসলে এখানে ৫০ জন ছিলেন কি-না। আর আমাদের কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না।”

এদিকে, মিছিলের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জোনায়েদ সাকি বলেন, “একটা মহল এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে মরিয়া হয়ে আছে। সরকার মেগা প্রকল্প করে মেগা লুটপাটের জন্য। এই লুটের টাকা সবাই ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে।”

জনগণকে মাঠে নামার আহ্বান জানিয়ে সাকি বলেন, “মাঠে না নামলে এই সরকারকে হঠানো যাবে না। বিদেশিদের ওপর ভরসা করবেন না। তারা শুধু সুবিধা নেয়। জনগণের আন্দোলনের মধ্যদিয়েই এই সরকারকে বিদায় করে আমাদের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “সরকার যতই হাবভাব দেখাক না কেন রোজায় দাম কমাতে পারবে না। বাংলাদেশ এখন যেভাবে চলছে এর থেকে খারাপভাবে একটা দেশ চলতে পারে না।”

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares