সাম্পান ডেস্ক
গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্ত-এর মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে — যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।
মির্জা ফখরুল বলেন, দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় — এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত। নয়া দিগন্ত সে লক্ষ্যে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি স্মরণ করেন, ১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা হরণের ভয়াবহ সময় দেশে নেমে এসেছিল। তখন অনেক সাংবাদিক বেকার হয়ে পড়েছিলেন, কেউ কেউ বাধ্য হয়ে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়া দিগন্ত পরিবারকে শুভেচ্ছা জানান।
- এসএস
