শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

কেন্দ্রের বাইরে নেতাকর্মী, ভেতরে সব ফাঁকা

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪ | ৪:৫০ অপরাহ্ণ আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ | ৪:৫১ অপরাহ্ণ
কেন্দ্রের বাইরে নেতাকর্মী, ভেতরে সব ফাঁকা

নিজস্ব প্রতিবেদক 

দুপুর ঠিক বারো টা।চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন ওয়াপদা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি দৃশ্য। স্কুল সংলগ্ন রাস্তায় জটলা পাকিয়ে হৈ- হুল্লোড় করছেন আর সেল্ফি তুলছেন কিছু যুবক।সংখ্যায় তারা ৩০-৩৫ জন হবেন।এদের কারও গলায় ফুলকপি, কারও গলায় কেটলি। এদের প্রায় সবাই চট্টগ্রাম -৮ আসনে চলমান নির্বাচনে বিভিন্ন প্রার্থীর কর্মী এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। নৌকা উঠিয়ে নেয়া ওই আসনটিতে সোলাইমান শেঠের লাঙ্গলের ব্যাজ পড়ে ৬ জন ব্যক্তিকেও এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সেখানে।

তবে ঠিক একই সময়ে ওই ভোটকেন্দ্রের ভেতরে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কেন্দ্রের ভেতরে পুলিশ,আনসারের পাশাপাশি নির্বাচনী দায়িত্ব করা ব্যক্তি ও প্রার্থীদের এজেন্ট ছাড়া ওই সময়ে আর কোন ভোটার দেখা যায়নি।তবে স্কুলের গেইটের ভেতরে একজন ভোটারকে দায়িত্বরত আনসার সদস্যকে ভোটার কার্ড দেখিয়ে পরিচয় দিতে দেখা গিয়েছিল। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২৪১৩ জন।আর দুপুর ১২ টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়েছে ১১৩ টা।যেখানে কেন্দ্রটিতে ৭ বুথে প্রার্থীদের পোলিং এজেন্ট এবং ওই সময়ে বাইরে জটলা পাকানো নেতাকর্মীদের ভোটই হওয়ার কথা ছিলো প্রায় শতাধিক। আসনটিতে সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত বিএনএফের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুধু এই কেন্দ্র নয়, চট্টগ্রাম জেলার ১৬ টি আসনের প্রায় সব জায়গায় অনেকটা একই অবস্থা। বিচ্ছিন্ন কয়েকটা এলাকা ছাড়া কোথাও তেমন ভোটার উপস্থিতি নেই।সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৫-১৬ শতাংশ।যদিও মানুষকে কেন্দ্রে আনতে প্রার্থীদের কর্মীদের প্রচেষ্টার তেমন ঘাটতি ছিলোনা। এরমধ্যে কয়েকটি কেন্দ্রে দু’পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন শতাধিক মানুষ।

এদিকে সকালেই নৌকার সমর্থকরা প্রায় সব-কটি কেন্দ্র দখল করে ফেলেছে দাবি করে দুপুর ১২ টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন চট্টগ্রাম -১২ ( পটিয়া) আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।একইসাথে তিনি ওই আসনে পুনরায় ভোট গ্রহণের আহবান জানান।

এই বিষয়ে মাওলানা এম এ মতিন  বলেন,এখানের ৮৫ টি কেন্দ্র নৌকার সমর্থকরা দখল করে ভোট মেরেছেন।আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।একারণে আমি এই আসনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আজকে ভোট থেকে সরে এসেছি।শুধু পটিয়া নয়, চট্টগ্রামে আমাদের জেতার মতো আসন হাটহাজারী, চন্দনাইশেও ভোট ডাকাতি করা হয়েছে।

হয়্রম আজ ভোটের দিন সকাল ১০ টার দিকে মাওলানা মতিন কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ সকাল ১০ টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কলেজ কেন্দ্রে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- জামাল (৩২) ও শান্ত বড়ুয়া (৩০)। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশেরউপ-পুলিশ কমিশনার ( উত্তর) মোখলেছুর রহমান জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি মার্কা ও নৌকার সমর্থিতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে ভোট বর্জন করে ঘোষিত হরতালের সমর্থনে শনিবার রাত থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জামায়াত শিবিরও কয়েকটি জায়গায় বিক্ষোভ করেছে।রাতে শহরের বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়েছে।এরমধ্যে আজ সকালে চান্দাগাঁও এবং চকবাজারে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া – পাল্টা ধাওয়া হয়েছে।জেলার বিভিন্ন স্থানেও বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে।তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares