নিজস্ব প্রতিবেদক
নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর শাখা যুবদল।সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিল থেকে সামনে সরকার বিরোধী যে কোন আন্দোলনে চট্টগ্রাম মহানগর যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে জানানো হয়।
রবিবার (২৯ মে) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষে হয়।
মিছিল পরবর্তী সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন , দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন বলতে কিছুই নেই। মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে। হরণ করা হয়েছে গণতন্ত্র। স্বৈরতন্ত্রের খোলসের ভেতরে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার আজ মহামারি আকারে রূপ নিয়েছে। এ থেকে পরিত্রাণ দরকার। এজন্য সবার আগে প্রয়োজন রাতের আঁধারে লুট হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করা। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যুবদলের নবগঠিত এই কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে রাজপথে থেকে মানবাধিকার ও আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধভাবে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, নতুন কমিটির নেতৃত্বে খালেদা জিয়ার নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে। বর্তমান ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের যুবদল কর্মীরা গণতন্ত্রকে মুক্ত করবেই।
সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, গণতন্ত্র পুন:রুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই নবগঠিত কমিটির নেতৃত্বে গড়ে তুলতে হবে। আজকের তরুণ সমাজকেও বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণ তার ভোটাধিকার ও আইনের শাসন ফিরে পাবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মিয়া মোঃ হারুন, জসিমুল ইসলাম কিশোর, মজিবর রহমার, অরূপ বড়ুয়া, মোঃ আলী সাকী, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন বক্তব্য রাখেন।
