বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কেএনএফ’র নারী সদস্যসহ আটক ৪, ব্যাংক লুটের কাজে ব্যবহৃত জীপ জব্দ

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪ | ২:৪৮ অপরাহ্ণ আপডেট: ৮ এপ্রিল ২০২৪ | ২:৪৮ অপরাহ্ণ
কেএনএফ’র নারী সদস্যসহ আটক ৪, ব্যাংক লুটের কাজে ব্যবহৃত জীপ জব্দ

নিজস্ব প্রতিবেদক 

বান্দরবানের থানচি উপজেলা থেকে এক নারীসহ পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফ’র ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । এছাড়া সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত এক জীপ জব্দ করা হয়।এসময় ওই জীপের চালকেও গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে থানচি সদরের টিএন্ডটি পাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের জীপ (ঢাকা মেট্রো-ন-১১-৩০০৭) জব্দ করা হয়। সেখান থেকে জীপটির ড্রাইভার কফিল উদ্দিন সাগরকে (২৮) আটক করা হয়। আটকের পর তাকে আদালত সোপর্দ করা হয়েছে।

রবিবার রাত ১১ টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইচা চেক পোস্ট এলাকা থেকে রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়ার বাসিন্দা ভাননুন নুয়াম বম, থানচি উপজেলার সিমত্লাংপি পাড়ার বাসিন্দা জেমিনিউ বম, আমে লনচেও বমকে আটক করা হয়েছে। তারা থানচির ব্যাংক ডাকাতি মামলার আসামী।আটকের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এরআগে রবিবার ভোরে বান্দরবানের বাসা থেকে কেএনএফ’র সমন্বয়কারী চেওশিম বমকে (৫৫) গ্রেফতার করে র‍্যাব। আটক চেওশিম বম রোয়াংছড়ি দুর্নিবার পাড়ার বাসিন্দা।তিনি কেএনএফ প্রধান নাথান বমের নিকটাত্মীয়।
জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি হয়েছিল চেওসিম বমের বাসায়।

একইদিন ( রবিবার) দুপুরে বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন মাঠে এক প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন,বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের শান্তি রক্ষার যা যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা করা হবে।কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।ইতোমধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে র কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares