বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কেএনএফ’র আরও ২ সদস্য কারাগারে

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ আপডেট: ১৮ মে ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ
কেএনএফ’র আরও ২ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার  হওয়া  কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম (৬০), নারী উইংয়ের সদস্য সেবা লাল নুং বম (১৮) কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৮ মে) দুপুরে  দুই আসামিকে বান্দরবান সদর থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. নুরুল হক।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানচি থানার ৩নং  মামলায় ২ আসামিকে দুপুরে আদালতে হাজির করা হলে  আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে শুক্রবার (১৭ মে) সকাল ৬ টায় র‌্যাব-১৫ এর সদস্যরা বান্দরবান সদরের লাইমি পাড়া এবং ফারুক পাড়ায় অভিযান পরিচালনা করে লাল সিয়াম লম বম (৬০) ও সেবা লাল নুং বমকে (১৮) গ্রেপ্তার করে। তারপর রাতে বান্দরবান সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

এপর্যন্ত  মোট ৮৬ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৮৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  তাদের মধ্যে ২৫ জন নারী রয়েছেন।

বান্দরবানের রুমা  ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত রুমাতে পাঁচটি ও থানচিতে চারটি মোট  ৯টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায়  মামলায় অভিযুক্ত  ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র  সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে  যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares