বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কেএনএফ’র আরও ২ সদস্য কারাগারে

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ৬:২১ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ | ৬:২১ অপরাহ্ণ
কেএনএফ’র আরও ২ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে আটক আরও ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হকের আদেশের প্রেক্ষিতে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আসামিরা হলেন, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়ার বাসিন্দা মিকা এল বম (৪৩) এবং সদর ইউনিয়নের লাইমি পাড়ার বাসিন্দা লাল লুং সাং বম (৪২)।

বান্দরবান আদালতের পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রুমা থানার মামলায় কেএনএফের সন্দেহভাজন দুই আসামিকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে বিচারক তাদের কারাগার পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, ২৯ এপ্রিল (সোমবার) বিকেলে রুমা উপজেলা সদরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এই দুই আসামিকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হয়।

এপর্যন্ত  মোট ৭৯ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৮০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  তাদের মধ্যে ২৩ জন নারী রয়েছেন।

বান্দরবানের রুমা  ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত রুমাতে পাঁচটি ও থানচিতে চারটি মোট  ৯টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায়  মামলায় অভিযুক্ত  ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র  সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে  যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares