বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার হওয়া কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য হলেন রেমথাং লিয়ান বম (৩৭)। সে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা সদরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মুনকোয়াল বমের ছেলে। বুধবার (২৯ মে) বিকেলে রোয়াংছড়ি সদরে যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।
আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে তাকে পুলিশি পাহারায় রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
বান্দরবান কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় আসামি রেমথাং লিয়ান বমকে আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হক শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এপর্যন্ত মোট ৯০ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৯১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৫ জন নারী রয়েছেন। যৌথ বাহিনীর টহলের ওপর হামলা করতে গিয়ে
কেএনএফের মোট ১৩ জন নিহত হয়েছে।
বান্দরবানের রুমা ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত রুমা থানায় ১৩ টি ও থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।
