বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ২:৫৫ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ২:৫৫ অপরাহ্ণ
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসী বাংলাদেশির লাশ দেশে ফিরেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে শোকের আবহ নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন অনেকে। আনুষ্ঠানিকতা শেষে নিহতদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেষবারের মতো সাগর পাড়ি দিতে সাতজনের লাশ নেওয়া হয় সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে। সেখান থেকে ফেরিতে করে সন্দ্বীপে নেওয়া হয় রোববার সকালে।

নিহতরা হলেন— সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙার মো. জুয়েল, রহমতপুরের মো. রনি, এবং রাউজানের চিকদাইরের ইউসুফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে নয়টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁদের নিজ নিজ গ্রামে দাফন করা হবে।

গত ৮ অক্টোবর বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। মাছবাহী একটি বড় ট্রাকের বেপরোয়া ধাক্কায় সন্দ্বীপের সাত প্রবাসীসহ আটজনের মৃত্যু হয়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত লাশ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়ায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত ও ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

শোকাবহ এই ঘটনায় সন্দ্বীপসহ পুরো চট্টগ্রাম জুড়ে নেমে এসেছে মাতম। প্রিয়জন হারানোর বেদনায় শোকস্তব্ধ নিহতদের পরিবার।

রহা/এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares