নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধা পাওয়া শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে প্রায় সোয়া ছয় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২১ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।
মামলাগুলোতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
দুদকের এজাহারে বলা হয়েছে, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে বিভিন্ন সময়ে নেওয়া ঋণের সুদসহ মোট ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
একটি মামলায় উল্লেখ করা হয়, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে বিভিন্ন পদ্ধতিতে ঋণ গ্রহণ করে সুদে-আসলে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা আত্মসাৎ করা হয়। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীনকে প্রধান আসামি এবং ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলমকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তার নাম এজাহারে অন্তর্ভুক্ত রয়েছে।
আরেক মামলায় অভিযোগ করা হয়, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেডের নামে ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে বিভিন্নভাবে ঋণ নিয়ে সুদসহ ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই মামলায় সাইফুল আলমকে প্রধান আসামি করা হয়েছে। এতে জনতা ব্যাংকের ২৫ জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
তৃতীয় মামলায় বলা হয়, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে নেওয়া ঋণের সুদসহ ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাইফুল আলম ছাড়াও জনতা ব্যাংকের একাধিক কর্মকর্তা রয়েছেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের সুগার মিল ও সুপার এডিবল অয়েল মিলের নামে প্রায় ৩ হাজার ৮৫ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে দুদক আরও দুটি মামলা দায়ের করে।
রহা
