নিজস্ব প্রতিবেদক
সোমালিয়ার জলদস্যুদের হাতে ৩৩ দিন জিম্মি থাকার পর মুক্তি পাওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।রাতে এটি মূল জেটিতে নোঙর করবে।
আজ রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাহাজের নাবিক নূর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, আজকে সাড়ে ৪ টার দিকে জাহাজ হামেরিয়ায় পৌঁছেছে।রাতে এটি জেটিতে বার্থ করবে।জাহাজে থাকা কয়লা আনলোড করার পর এখান থেকে কিছু মালামাল লোড করে এটি ২১ জন নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে রওনা দিবে।আর আমিসহ আরেকজন বিমানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী দুজন নাবিক বিমানে ও ২১ নাবিক জাহাজে বাংলাদেশে ফিরবেন। তবে সেখানে মালিকপক্ষের টিম গিয়ে নাবিকদের সঙ্গে কথা বলবে। এরপর নাবিকরা চাইলে সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন।
