বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এভারেস্ট ও লোৎসে জয় করে বাড়ি ফিরলেন বাবর আলী

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১১:২৭ অপরাহ্ণ আপডেট: ২৮ মে ২০২৪ | ১১:৩১ অপরাহ্ণ
এভারেস্ট ও লোৎসে জয় করে বাড়ি ফিরলেন বাবর আলী

সাম্পান ডেস্ক

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ‘এভারেস্ট’ ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করে দেশে ফিরেছেন চট্টগ্রামের হালদা পাড়ের সন্তান বাবর আলী। মঙ্গলবার (২৮ মে) বিকেলে নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্ধরে পৌঁছান তিনি।

এরপর নিজ শহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন বাবর। রাতে চট্টগ্রামে পৌঁছেছেন বলে জানা গেছে। ‘এভারেস্টজয়ী’ বাবর আলীর নিজ শহরে আসার খবর শুনে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী।

বিকেল সাড়ে ৫টায় আসার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেপাল থেকে দেশে ফিরতে দেরি হয় ডা. বাবর আলীর।

অভিযানের সমন্বয়ক ফারহান জামান বলেন, বাবর আলীর মা-বাবা এবং শুভাকাঙ্ক্ষীদের আবদার রক্ষার্থে আমরা ৩ জুনের পরিবর্তে আজই তাকে দেশে ফিরিয়ে এনেছি।
আগামীকাল বুধবার (২৯ মে) সকাল ১১টায় চট্টগ্রামের চকবাজার আলিয়াঁস ফ্রঁসেজ দ্য, চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বাবর।

এরপর আগামী ২ জুন বিকাল ৪টায় চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত বাইসাইকেল র‌্যালির মাধ্যমে তার এভারেস্ট জয় উদযাপন করা হবে।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে তিনি এভারেস্ট ও লোৎসে জয়ের গল্প শুনাবেন।

প্রসঙ্গত, গত ২১ মে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে লোৎসে পৌঁছান তিনি। এর আগে ১৯ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি। এদিন বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর।

উল্লেখ্য, এমবিবিএস পাস করা বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইক্লিংয়েও রয়েছে তার আলাদা আগ্রহ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares