নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ হাসানের ২ বছর ১০ মাস বয়সী শিশু সন্তানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হয়েছে।মামলায় এই শিশুর বাবাসহ ৮ জনকে আসামী করা হয়েছে।
বুধবার (১৬ নাম নভেম্বর) চাঞ্চল্যকর ‘পুলিশ পরিচয়ে চুরি’র ঘটনায় অভিযুক্ত বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনসুর আলম পাপ্পি ও তার ভাই ববির প্রতিষ্ঠানের ম্যানেজার পরিচয়ে মফিজুল ইসলাম নামের ব্যক্তি বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন।
মামলায় শিশু আল নাহিয়ান বিন হাসানসহ ৮ জনের নাম উল্লেখ করে ২০১৮ সালের নিরাপত্তা আইনের ২৫(ক) ২৯,৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।আসামীর তালিকায় ‘বোয়ালখালী আওয়ামী লীগ ‘এর নামও উল্লেখ করা হয়।
জানা যায়, পুলিশ পরিচয়ে চুরির চেষ্টার ঘটনায় শিশু আল নাহিয়ানের বাবা হাসান ৫ নভেম্বর আওয়ামী লীগ নেতা পাপ্পী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিল।মামলায় হাইকোর্ট থেকে জামিন নেবার পরে মনসুর আলম পাপ্পী ও তার অনুসারীরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকেন।পরে হাসান তাদের বিরুদ্ধে একটি আইসিটি মামলা করেন।সেই মামলার কাউন্টার হিসেবে পাপ্পী তার ম্যানেজারকে দিয়ে হাসানের শিশু সন্তানসহ ৮ জনের বিরুদ্ধে এই আইসিটি মামলা করেছেন।
শিশু আল নাহিয়ানের পিতা মোহাম্মদ হাসান বলেন, চুরির মামলার এজাহারভূক্ত আসামি দুই সহোদর পাপ্পি ও ববির বিরুদ্ধে আমি গত ১৪ নভেম্বর সুস্পষ্ট তথ্য প্রমানসহ সাইবার ট্রাইব্যুনালে মামলা করি৷ এরআগে আমার মালামাল চুরির সময় চান্দগাঁও থানা পুলিশের হাতে আটকের ঘটনায় ৫ নভেম্বর আমার অফিস ম্যানেজের বাদি হয়ে যে মামলা দায়ের করেছে সেটির এজাহারভূক্ত আসামী পাপ্পি ও ববি, আমাকে হয়রানী করতে ঢালাও অভিযোগ তুলে তাদের কথিত ম্যানেজার মফিজকে দিয়ে পালটা মামলাটি দায়ের করেছেন। কাউন্টার মামলা হিসেবে তড়িঘড়ি করে মামলাটি করা হয়েছে। তাই আসামীর নামের তালিকায় আমার ২ বছর ১০ মাস বয়সী শিশুর নামটি ঢুকিয়ে দেয়া হয়েছে। ‘
এদিকে, মামলার ৬ নং আসামীর নাম হিসেবে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের নাম দেখে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ সচরাচর পেইজের এডমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এক্ষেত্রে সরাসরি একটি উপজেলা আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা মনসুর আলম পাপ্পীর বিরুদ্ধে ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী থানায় চুরির অভিযোগে মামলা হয়েছিল। চুরির ঘটনায় ২০১১ সালের ১৬ অক্টোবর রাজধানীর নিউমার্কেট থানায়ও তার বিরুদ্ধে মামলা হয়।
