নিজস্ব প্রতিবেদক
মহেশখালীর আলোচিত জসিম হত্যা মামলার দুই নাম্বার আসামী ইরান বড়ুয়া এখনও পলাতক আছে। পুলিশ কয়েকবার অভিযান চালিয়েও তার কোন হদিস পায়নি। তাকে গ্রেফতারে এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সন্ত্রাসী কবির বাহিনীর সদস্য জসিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার পরের দিন নিহত জসিম উদ্দিনের ভাই বাদী হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলায় মোহাম্মদ একরামকে প্রধান আসামী ও ইরান বড়ুয়াকে দুই নাম্বার আসামি করা হয়।
এদিকে পুলিশ জসিমের লাশের পাশ থেকে খুনিদের ফেলা আসা দুইটি অস্ত্রও উদ্ধার করে।এই অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলাও দায়ের করেন। সেই মামলায় ইকরামকে প্রধান আসামী ও ইরান বড়ুয়াকে তিন নম্বর আসামি করা হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জসিমের মৃত্যুর পর তার সহযোগীরা ইকারাম গ্রুপকে খোঁজতে থাকে।একপর্যায়ে তাদের হাতে খুন হয় ইকরাম। পরে ইরানসহ ইকরামের লোকজন আত্মগোপন করে। এরপর থেকে ইরানের খোঁজ পাওয়া যায়নি।
মহেশখালী থানার পুলিশের উপ পরিদর্শক ইকবাল হোসেন বলেন, জসিম হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামী একরাম প্রতিপক্ষের হাতে নিহত হয়েছে। যে কারণে পুলিশ জসিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে মামলার দুই নম্বর আসামি সন্ত্রাসী ইরান বড়ুয়াকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।আশা করছি শীগ্রই তাকে আইনের আওতায় আনতে পারবো।
