নিজস্ব প্রতিবেদক
স্টীল তৈরিকারক প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় গায়ে রড পড়ে রিপন কুমার (৪৫) নামে এক ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার এক ক্রেনের অপারেটর ভুলবশত ঘুমন্ত শ্রমিক রিপন কুমারের গায়ে ক্রেনের পাটাতনে বাঁধা রড তুলে দেন।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরের বায়োজিদের রুবি গেইট এলাকায় বিএসআরএমের ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিপনের বাড়ি দিনাজপুর জেলায়।তিনি
বিএসআরএম কারখানার বিতরণ শাখায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা গেছে, বিপনন বিভাগের শ্রমিক রিপন কুমার কারখানার ভেতর ঘুমাচ্ছিলো।এই সময় ঘুমন্ত রিপনের উপর ক্রেনের অপারেটর ভুলবশত ক্রেনের পাটাতনে বাঁধা রড তুলে দেয়। এসময় রিপন চিৎকার দিলে পাটাতন তুলে নেয়া হয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বিএসআরএমে ক্রেন থেকে লোহার রড পড়ে রিপন কুমার নামে এক শ্রমিক গুরুতর আহত হয়।এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস( বিএসআরএম)। তবে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সময় কর্মরত শ্রমিকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।এরমধ্যে গত ২০২০ সালে প্রতিষ্ঠানটির মিরসরাইয়ের জোরারগঞ্জের কারখানায় কাজ করার সময় লোহার গলিত সীসায় দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়। গত বছরের ১৮ মার্চ প সীতাকুণ্ড কারখানায় গলিত লোহায় দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়।সর্বশেষ চলতি বছরের ৮ জানুয়ারি প্রতিষ্ঠানটির মিরসরাই উপজেলার সোনাপাহাড় কারখানায় ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
