নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে জনতা ব্যাংক থেকে ১ হাজার ৯৬৩ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আদালত দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত একই সাথে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার এবং তাঁর ভাই আবদুস সামাদ লাবু’র আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন।
রোববার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক ও যুগ্ম জেলা জজ মোজাহেদুর রহমান এ আদেশ দেন।মামলায় সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী ও ভাইদের বিবাদী করা হয়েছে।
জানা যায়,ঋণ দেওয়ার ক্ষেত্রে জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যেসব ঊর্ধতন কর্মকর্তা প্রভাব বিস্তার করেছেন তাদের ব্যাপারেও তদন্ত করতে দুদককে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। এ
মামলার এজাহারে বলা হয়, ২০০৯ সালে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে সাধারণ বিমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কোন ঋণ পরিশোধ না করায় তা সুদে-আসলে ১ হাজার ৯৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়া এ শাখা থেকে এস আলম গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের নামেও অন্তত ৬ হাজার ৫০০ কোটি টাকার ঋণ আছে।
বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের জনতা ব্যাংকের ডবলমুরিং শাখা থেকে ১ হাজার ৯৬৩ কোটি ৫৪ লক্ষ টাকা ঋণ নেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ তাঁর পরিবারের সদস্যরা। বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে এ ঋন দিতে বাধ্য করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
