বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

এনসিটি ইজারার প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপিপন্থী ৪ শ্রমিকনেতা বদলি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ণ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ণ
এনসিটি ইজারার প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপিপন্থী ৪ শ্রমিকনেতা বদলি

নিজস্ব প্রতিবেদক

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বিএনপিপন্থী চার শ্রমিকনেতাকে চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বন্দর কার্যক্রম আট ঘণ্টা অচল হয়ে পড়ার পর বন্দর কর্তৃপক্ষ তাঁদের ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও নৌ টার্মিনালে বদলি করে।

একই সঙ্গে কর্মবিরতির কারণে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা।

বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে ডাকা এ কর্মসূচির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
কর্মবিরতি শেষে বন্দর চিফ পারসোনাল অফিসারের স্বাক্ষরিত পৃথক আদেশে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার কর্মচারীকে পানগাঁও নৌ টার্মিনালে বদলির নির্দেশ দেওয়া হয়।

বদলিকৃতরা হলেন: অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো. হুমায়ুন কবির, নৌ বিভাগের ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, অর্থ ও হিসাব বিভাগের উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম এবং প্রকৌশল বিভাগের এসএস খালাসী মো. ফরিদুর রহমান। এদের মধ্যে হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এবং অন্য দুজন সংগঠনটির নেতা।

এর আগে গত বৃহস্পতিবার বন্দর ভবনে অফিস চলাকালে এনসিটি ইজারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। ওই কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ।

বদলির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, আন্দোলনে অংশ নেওয়ার কারণেই এই বদলির আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁরা পানগাঁও নৌ টার্মিনালে যোগ দেবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।

বন্দর কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, বদলিকৃত চার কর্মচারীকে আগামীকাল রোববার দুপুর ১২টার আগেই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, জরুরি দাপ্তরিক ও অপারেশনাল প্রয়োজনে তাঁদের এই বদলি করা হয়েছে।

উল্লেখ্য, পানগাঁও নৌ টার্মিনালের পরিচালন দায়িত্বও সরকার বিদেশি কোম্পানির হাতে দিয়েছে। গত নভেম্বরে ২২ বছরের জন্য টার্মিনালটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। প্রতিষ্ঠানটি পূর্ণ দায়িত্ব গ্রহণ করলে সেখানে বন্দর কর্মচারীদের কাজ করার সুযোগ থাকবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্ত কমিটি গঠন:

এদিকে আজকের কর্মবিরতির কারণে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত আদেশে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বন্দরের সদস্য (প্রকৌশল) কমোডর মো. মাযহারুল ইসলাম জুয়েলকে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বন্দরের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares