বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলেও রাজনীতি ছেড়ে দেবেন ভূমিমন্ত্রী

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ | ৯:৩৬ অপরাহ্ণ
এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলেও রাজনীতি ছেড়ে দেবেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 

ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমার বাবা ব্যবসা করতেন, সেই সূত্রে আমিও ব্যবসায়ী । আর আপনাদের ভালোবাসায় আমি রাজনীতিতে এসেছি।সততার সঙ্গে কাজ করেছি। আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার ১০ বছরের মন্ত্রিত্বকালে এক টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না। এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।এটা আমার ওপেন চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার রাত ১০টায় চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আল্লাহর হুকুম ছিল না, নানা কারণে বাবা মন্ত্রী হতে পারেননি। কিন্তু আনোয়ারার মানুষের আশা ছিল বাবু মিয়া (আখতারুজ্জামান চৌধুরী বাবু) মন্ত্রী হবেন। সেই আশা আমার মাধ্যমে আল্লাহ পূরণ করেছেন। দুইবার মন্ত্রী হয়েছি বলে দেশের কাজ অনেক বেশি করতে পেরেছি।

বিএনপিকে উদ্দেশ্য করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘একসময় বিএনপি বলত, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইসলাম চলে যাবে, আজান চলে যাবে। তাদের এসব মিথ্যা প্রমাণিত হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন,‘বিএনপি-জামায়াত ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। তারা নির্বাচনে না এসে ভোট বানচালের ষড়যন্ত্রে নেমেছে। তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।আর এই নির্বাচনে কোনো প্রার্থীর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। সব প্রার্থী নিজেদের মতো প্রচারণা চালাবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছে। দেশে দ্রব্যমূল্য বেড়েছে, সেটা বিশ্ব মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। এটা বেশি দিন থাকবে না। আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দ্রব্যমূল্য কমে যাবে এটায় আস্থা রাখেন।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংবাদ সম্মেলন করে জানায়, বাংলাদেশের এক মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকার ব্যবসা রয়েছে। কিন্তু নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করেননি সেই মন্ত্রী। তবে মন্ত্রীর নাম প্রকাশ করেনি সংস্থাটি। টিআইবি’র পক্ষ থেকে বলা হয়েছিল- যদি সরকারি কোনো কর্তৃপক্ষ ওই তথ্যসূত্র জানতে চায় তাহলে প্রকাশ করা হবে। দুর্নীতি বিরোধী এই সংস্থার দেয়া তথ্যের সূত্র ধরেই নাম জানা গেছে সেই মন্ত্রীর। চট্টগ্রামের আনোয়ারা – কর্ণফুলী আসন থেকে নির্বাচিত এমপি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তাঁর বাবা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন একজন বড় ব্যবসায়ী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। দেশের আলোচিত শিল্পপতি ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ জাবেদের আপন ফুফাতো ভাই।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares