বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ৬:২০ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২৫ | ৬:২১ অপরাহ্ণ
একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: 
একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় পথসভা চলাকালে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা ভেবেছিলাম ৫ আগস্ট আমাদের লড়াই-সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু আমাদের এই লড়াই দীর্ঘ, আমাদের এই সংগ্রাম দীর্ঘ। দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি, একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে। আরেকটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশটাকে সমন্বিতভাবে গড়তে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে রাজনৈতিক ছোট ছোট মত পার্থক্যকে দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের উচিত সরকারকে সাহায্য করা, সরকারকে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। আমরা মুজিববাদী সংবিধান চাই না, আমরা চাই সংস্কার। এটি সংস্কার করে অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, এমন সংবিধান বাস্তবায়ন চাই। সাম্য ও ন্যায্যতার বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ; সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক প্রমুখ। পথসভা শেষে মইজ্জারটেক এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়।
এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares