সাম্পান ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় তিনি নাহিদ ইসলামের উদ্দেশ্যে এ শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা, তার মধ্যে ছয়টিতে বিজয় এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা—একে তিনি অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, এই সাফল্য কেবল নির্বাচনি পরিসংখ্যানের বিষয় নয়; এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।
চব্বিশের আন্দোলনের প্রসঙ্গ তুলে ড. ইউনূস বলেন, সেই উত্তাল দিনগুলোর কথা এখনও সবার স্মৃতিতে অম্লান। নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করেছিল। সহযোদ্ধাদের আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামকে কিছুদিন পাওয়ার অভিজ্ঞতা তার জন্য মূল্যবান ছিল। সে সময় তার কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীরতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাকে মুগ্ধ করেছে।
গণতন্ত্রের বিকাশে নতুন কণ্ঠস্বর ও নতুন ধারণার গুরুত্ব তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, এনসিপির অল্প সময়ের সাফল্য প্রমাণ করে যে দেশের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা রক্ষা করা এখন দলের বড় দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষা—বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা—তুলে ধরবে এবং গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
পি/আর
