নিজস্ব প্রতিবেদক
৩৭ বছর পর আবারও বাংলাদেশের নাম উঠে এলো বিশ্ব ক্রীড়ার অন্যতম কঠিন চ্যালেঞ্জ—ইংলিশ চ্যানেল জয় করার তালিকায়। দুর্ধর্ষ এই অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন দুই সাহসী বাংলাদেশি সাঁতারু—বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নাবিক মাহফিজুর রহমান সাগর ও বিকেএসপির সাবেক সাঁতারু নাজমুল হক হিমেল।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ২টা ৩০ মিনিটে ইংল্যান্ডের ডোভার উপকূল থেকে সাঁতার শুরু করেন। সেখান থেকে প্রায় ৩৩.৪ কিলোমিটার দূরের ফ্রান্সের উপকূলে পৌঁছাতে তাঁদের সময় লাগে ১২ ঘণ্টা ২০ মিনিট। সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তাঁরা গড়লেন এক অনন্য ইতিহাস।
এই কৃতিত্বের পেছনে ছিল বাংলাদেশ নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ দিকনির্দেশনা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পৃষ্ঠপোষকতা এবং দীর্ঘ আড়াই বছরের কঠোর প্রস্তুতি ও প্রশিক্ষণ।
বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত মাত্র চারজন সাঁতারু ইংলিশ চ্যানেল জয় করেছেন। সর্বপ্রথম এই কৃতিত্ব অর্জন করেন কিংবদন্তি সাঁতারু ব্রজেন দাশ, ১৯৫৮ সালে। এরপর ১৯৮৮ সালে মোশাররফ হোসেন এই অভিযান সফলভাবে সম্পন্ন করেন। আর ২০২৫ সালে মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল যুক্ত হলেন সেই গৌরবময় তালিকায়।
এসএস
