বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘ইতিহাসের নিকৃষ্ট এই নির্বাচনে সরকার জাতির সাথে তামাশা করেছে’

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪ | ৯:৩৯ অপরাহ্ণ আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ | ৯:৩৯ অপরাহ্ণ
‘ইতিহাসের নিকৃষ্ট এই নির্বাচনে সরকার জাতির সাথে তামাশা করেছে’

সাম্পান ডেস্ক 

সরকার ইতিহাসের সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট ও প্রহসনের নির্বাচন নামের সাজানো নাটক করে বিশ্বের সামনে দেশকে লজ্জা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ রবিবার ( ৭ জানুয়ারি)  সন্ধ্যায় নির্বাচনকে প্রত্যাখান করে গণমাধ্যম পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারাদেশের  কোথাও কোন ভোট কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিলো না। ভুয়া ভোটার দিয়ে এই সাজানো নির্বাচন নাটক আজ মঞ্চস্থ হয়েছে। দেশের জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

তারা বলেন,দলীয় সুবিধাভোগী কিছু চেলা চামুন্ডুরা মানুষের হাতেপায়ে ধরে হুমকি ধামকি দিয়ে চাপ প্রয়োগ করে ক্ষেত্র বিশেষে প্রলোভন দিয়েও ভোটারদের কেন্দ্রে আনতে পারেনি। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট বর্জন করে সরকারকে অনাস্থা জানিয়েছে। লজ্জা থাকলে আর এক মূহুর্তে এই স্বৈরাচার ক্ষমতায় থাকবে না।বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে, দেশের নির্বাচন ব্যবস্থাকে এমন উলঙ্গ করে সরকার যেভাবে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে কলুষিত করেছে এর বিচার অবশ্যই করতে হবে।

স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে নেতৃদ্বয় বলেন, এবার সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে দেশপ্রেমিক জনতা ও রাজনৈতিক সবদল যুগপৎ অংশগ্রহণ করে দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে অবিলম্বে সকলের অংশগ্রহণ মূলক সুষ্ঠু ও।শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares