নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে ১৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলায় পৃথক দুই ধারায় ৮ আসামিকে মোট ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দায়িত্ব পালনে গাফেলতির মাধ্যমে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডিত আসামিরা হলেন সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা।
বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দিয়েছেন।
দণ্ডিতরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠানের তৎকালীন প্রকল্প ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনজুরুল ইসলাম, প্রকল্প প্রকৌশলী আব্দুল জলিল, আমিনুর রহমান, আব্দুল হাই, মো. মোশাররফ হোসেন রিয়াজ, মান নিয়ন্ত্রণ প্রকৌশলী শাহজান আলী ও রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারি ওমর ফুয়াদ জানান, দণ্ডিবিধির ৩৩৪(এ) ধারায় আট আসামির প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড, তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডবিধির ৩৩৮ ধারায় প্রত্যেক আসামিকে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হযেছে। উভয় সাজা একটির পর আরেকটি কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে ১৩ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ফ্লাইওভার নির্মাণের কাজ করছিল। তখন সিডিএর চেয়ারম্যান ছিলেন বর্তমান সংসদ সদস্য আবদুচ ছালাম।এই ঘটনার পরবর্তী ২৬ নভেম্বর নগরীর চান্দগাঁও থানার উপ পরিদর্শক আবুল কালাম একটি মামলা দায়ের করেন।
