বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলিকদম উপজেলায় জিপ গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া নারী-শিশুসহ অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তনয়া ম্রো লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থংপং পাড়ার বাসিন্দা এবং ক্রালাই ম্রো’র ছেলে। আহতদের বাড়ি ডিমপাহাড় ও থানচি উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি ও ডিম পাহাড় এলাকার থংপং পাড়া থেকে একটি জিপে করে ২৪ জন যাত্রী আলিকদম বেড়াতে আসছিলেন। পথিমধ্যে কলারঝিড়ি এলাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তনয়া ম্রো নিহত হন এবং ২৩ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কা জনক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দিন জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় লোকজন দমকল বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
/রহা
