নিজস্ব প্রতিবেদক;
আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে সিভিল সোসাইটি নেটওয়ার্ক (জেটনেট-বিডি)।
সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে নেটওয়ার্ক সদস্য সংগঠন পার্ক-এর প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্নার সভাপতিত্বে এবং উৎপল বড়ুয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় একমঞ্চে সমবেত হয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীরা।
মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক, বাসদ (মার্কসবাদী)-এর মো. শফি উদ্দিন কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর এবং গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ। প্রার্থীরা নাগরিক সমাজের সামনে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন।
“পরিচ্ছন্ন জ্বালানি, ন্যায্য ভবিষ্যৎ: নীতি নির্ধারণের সময় এখন”—এই প্রতিপাদ্যে আয়োজিত সভায় বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে জ্বালানি রূপান্তর অত্যাবশ্যক। এ বিষয়ে আর এক মুহূর্তও দেরি করার সুযোগ নেই। নির্বাচিত হলে জাতীয় স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগ নেবেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশে জ্বালানির ন্যায্য রূপান্তর সময়ের দাবি। নির্বাচিত হলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণে নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখবেন তিনি।
সভায় নেটওয়ার্ক সদস্য সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন লিটন চৌধুরী, মোহাম্মদ আলী শিকদার ও জোবায়ের ফারুক। সিভিল সোসাইটির পক্ষে বক্তব্য দেন এএসপি (অব.) মোফাজ্জল আহমদ খান ও কবি নবাব শরীফ। সংহতি প্রকাশ করেন জেন্ডার স্পেশালিস্ট কামরুন নাহার শম্পা, পুলিশ পরিদর্শক (অব.) মো. শামছুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী নার্গিস চৌধুরী, শিক্ষক প্রতিনিধি লায়লা খালেদা, নারীনেত্রী ছায়েরা বেগমসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, সংশপ্তক, পার্ক, বিবিএফ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডিডিআরসি, সবুজের যাত্রা, আইএসডিই-বিডি, ওডেব, হোপ ফাউন্ডেশন, সিএসডিএফ, চাটগাঁ ভাষা পরিষদ ও পিস মেকার্স নেটওয়ার্কসহ বিভিন্ন সিবিও ও নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন।
আর এইচ/
