প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ৬:১১ অপরাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ৬:১১ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
জেলার আনোয়ারায় প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, আনোয়ারার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অবৈধ আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
